গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘ফায়ার সপ্তাহ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। ফায়ার সপ্তাহজুড়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও মহড়া অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলণ, বেলুন ও পায়রা উড়িয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার উপসহকারী পরিচালক মাহমুদুল হাসানের (বিএফএম) সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দীন।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজেই সীমাবদ্ধ নয়, যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ নাগরিকদেরও অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের প্রাথমিক জ্ঞান থাকা জরুরি।
পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, উদ্ধার তৎপরতা দ্রুত করতে পুলিশ ও ফায়ার সার্ভিস সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে। এই ফায়ার সপ্তাহ সাধারণ মানুষের সাথে দূরত্ব আরও কমিয়ে আনবে।
সমাপনী বক্তব্যে উপসহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান। সেইসঙ্গে সাধারণ মানুষকে ফায়ার সার্ভিসের জরুরি সেবা নম্বরগুলো মনে রাখার অনুরোধ করেন।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি ফায়ার সার্ভিস কার্যালয় চত্তর থেকে রেব হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত দর্শক ও অতিথিদের সামনে অগ্নিনির্বাপণ, বহুতল ভবন থেকে উদ্ধার কাজ এবং ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন।
বিডি-প্রতিদিন/এমএল