খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দুর্গম জনপদ আচালংপাড়ায় নিরাপদ পানির সংকট নিরসনে ওয়াটার পয়েন্ট স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। বিদ্যুৎবিহীন এ জনপদের শতাধিক পরিবারের সুপেয় ও নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ওয়াটার পয়েন্ট।
এছাড়াও উপজেলার বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসির উদ্যোগে এবং সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় স্থাপিত স্পোর্টস ক্লাব ও কম্পিউটার ক্লাব উদ্বোধন করা হয়েছে।
বুধবার সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজী উপস্থিত থেকে উভয় স্থাপনার উদ্বোধন করেন। এসময় স্থানীয় উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাটনাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মুহতাসিম আলভী রাইম, বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোহনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমএল