ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সাধারণ ছাত্রজনতা। কর্মসূচিতে সহযোগিতা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, বেসরকারি সংস্থা আভাসের প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, কলাপাড়াসহ সারাদেশে একের পর এক নারী নির্যাতন, হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু অনেক ক্ষেত্রে জড়িতরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এনআরএইচ