কুমিল্লার বরুড়া উপজেলায় ডিবি পুলিশের পোশাক পরে গরু ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডিবি লেখা পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার বড় হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে খলিলুর রহমান (৪৯), সুমন মোল্লা (৪১), হারুন মল্লিক (৪৬), মাহতাব হোসেন মৃধা (৩৮), আবুল কাশেম ওরফে কাশেম (৪৪), সোহাগ রানা (৪৫), মোশারফ মেলকার (৪৬) ও নুরুল হক (৪৪) নামে আটজনকে আটক করা হয়। তাদের বাড়ি পটুয়াখালী, বরিশাল, বরগুনা ও ভোলা জেলার বিভিন্ন এলাকায়।
আটককৃতদের কাছ থেকে দুটি ডিবি লেখা কোট, একটি হ্যান্ডকাফ ও দুটি চাবি, একটি নীল রঙের লেজার লাইট, একটি ম্যাজিক স্টিক, একটি হাতুড়ি, একটি দেশীয় ধারালো কুড়াল সদৃশ অস্ত্র, দুটি ধারালো ছুরি এবং একটি স্টিল কাটার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আটজনকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল