পুকুরের পানিতে ডুবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একই পরিবারের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি বাজার কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু দুটি আপন ভাই-বোন। একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
মারা যাওয়া ওই শিশুরা হলো, সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম পেশায় একজন মুদি দোকানি। বাড়ির পাশেই বাজারে তার মুদি দোকানটি।
স্থানীয়রা ও স্বজনরা জানান, বাড়ির পাশেই একটি খেলার মাঠ। মাঠ পেরিয়ে একটি পুকুর রয়েছে। বাড়িতে সকালের নাশতা তৈরি করছিলেন শিশু দুটির মা কেয়া বেগম। বাবা শাহিন আলম দোকান খুলেছেন মাত্র। ওই দুই শিশুসহ আরও একজন শিশু মাঠে খেলছিল। এক সময় পুকুরের পানিতে একটি বোতল ভাসতে দেখে সেটি তুলতে যায় সিয়াম। এ সময় পুকুরের পানিতে ডুবে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে তাকে বাচাতে পুকুরের পানিতে নেমে পড়ে বোন সাবিয়া জান্নাত। সেও তলিয়ে যায়। পরে পুকুরের ধারে থাকা অপর শিশুটি দৌঁড়ে বাড়িতে এসে খবর জানায়। তাদের মা-বাবাসহ স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে তুলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তারা বিষয়টির খোঁজ-খবর নিচ্ছেন। মাঠে কয়েকজন শিশু খেলছিল। মাঠের পাশেই পুকুর। হয়তো কোনোভাবে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে।
বিডি প্রতিদিন/কেএ