“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
রবিবার (১৮ মে) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, যারা উত্তীর্ণ হয়েছো সবাইকে অভিনন্দন। অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এ পর্যন্ত পৌঁছেছো। তিনি উত্তীর্ণদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান।
জানা গেছে, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য মুন্সীগঞ্জ জেলায় মোট ৩২৮ জন আবেদন করেছিলেন। শারীরিক সক্ষমতা যাচাই শেষে ১৫৪ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ২৭ জনকে মনোনীত করে মুন্সীগঞ্জ জেলা টিআরসি নিয়োগ বোর্ড। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও পাঁচজনকে।
ফলাফল ঘোষণার পর উত্তীর্ণদের অনেকেই আবেগাপ্লুত হয়ে প্রতিক্রিয়া জানান এবং স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তানভীর হোসেন পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনআরএইচ