সুন্দরবনে মুক্তিপণের দাবিতে একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অপহৃত জেলেদের উদ্ধারে বুধবার সকাল থেকে স্মার্ট পেট্রোলিং টিম, বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা অভিযান শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।
অপহৃত জেলেরা হলেন—ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা ও নিদ্রা সখিনা এলাকায়।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার গভীর রাতে ফুসফুসের চর এলাকায় মাছ আহরণের সময় একই ধরনের পোশাক পরিহিত বনদস্যুরা একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। পরে মুক্তিপণ দাবি করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমান বলেন, অপহরণের খবর পেয়ে বুধবার সকাল থেকে বনদস্যুদের আটক ও জেলেদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে বিকেল পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ১২ জেলেকে অপহরণের খবর পুলিশ শুনেছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এআইএস