খাগড়াছড়িতে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। একইসঙ্গে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্রও প্রদান করা হয়।
বুধবার জেলা সদরের নারিকেল বাগানস্থ শহর সমাজসেবা কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে সমাজে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠান শেষে ৬৭ জন প্রশিক্ষণপ্রাপ্তের মাঝে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এম.এস