ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে একটি মেছোবাঘ পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরাতন বাখরবাহ গ্রামের এক ব্যক্তি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর-মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মেছোবাঘ মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলের সঙ্গে প্রাণীটির সংঘর্ষ হয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন।
এ সময় আহত ব্যক্তির দিকে মেছোবাঘটি এগিয়ে এলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন লাঠিসোটা নিয়ে প্রাণীটিকে ঘিরে ফেলে। একপর্যায়ে পিটিয়ে মেছোবাঘটিকে হত্যা করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, আশপাশের ঝোপঝাড় ও প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়া এবং খাদ্য সংকটের কারণে বন্যপ্রাণীটি লোকালয়ে চলে এসেছিল।
বন বিভাগ-এর শৈলকুপা অঞ্চলের কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ঘটনাটি তিনি মোবাইল ফোনে জানতে পেরেছেন। তিনি বলেন, মেছোবাঘ একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এভাবে প্রাণীটিকে পিটিয়ে হত্যা করা অত্যন্ত দুঃখজনক। দ্রুত বন বিভাগকে খবর দেওয়া হলে প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করা সম্ভব হতো।
বিডি প্রতিদিন/এনআরএইচ