শেরপুর সদর উপজেলায় একটি চালের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল আতপ চাল, মশলা ও বিষাক্ত কেমিক্যাল জব্দ করেছে পুলিশ। এ সময় ভেজাল পণ্য তৈরির সরঞ্জামসহ আকতারুজ্জামান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার পাকুড়িয়া ফকিরপাড়া গ্রামে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (শেরপুর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ওসি সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় দুই মিনিট্রাক ভেজাল মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আকতারুজ্জামান দীর্ঘদিন ধরে পচা ও নিম্নমানের চাল ও মশলা কিনে রিফাইন করে ও বিষাক্ত সুগন্ধি মিশিয়ে ওই সব পণ্য নামিদামি ব্রান্ডের মোড়কে ভরে বিক্রি করে আসছিল। এর মধ্যে রয়েছে আতপ চাল, হলুদ গুড়া, জিরা গুড়া, মরিচ গুড়াসহ নানা ধরনের মশলা। আসন্ন ঈদকে কেন্দ্র করে অনেক পণ্য বাজারে ছাড়া হয়েছে। আর প্রতিদিনই ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল।
নাসরিন আক্তার জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। জব্দ করা পণ্যের পরিমাণ কত এখনও হিসাব করা হয়নি। এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/এমই