শেরপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাওরা আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া আরও দুজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান। তিনি জানান, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই