আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির নেতা গোলাম মসীহ।
দলীয় সূত্র বলছে, প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে কৌশলগত বিবেচনা থেকে। গোলাম মসীহের কূটনৈতিক ও রাজনৈতিক অভিজ্ঞতা ভোটের মাঠে বাড়তি প্রভাব ফেলতে পারে এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়। তবে বিষয়টি ঘিরে দলীয় নেতাকর্মীর মাঝেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বড় দলগুলোর পাশাপাশি বিকল্প শক্তিগুলোর উপস্থিতিও এখানে তুলনামূলক প্রভাবশালী। নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলন এ আসনে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চাইছে, এমন ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
উল্লেখ্য, গোলাম মসীহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত ছিলেন। তিন মাস আগে অনেকটাই নীরবে যোগ দেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক এই দলটিতে।
বিডি-প্রতিদিন/মাইনুল