বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত ১১টার পর তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন। মির্জা ফখরুল প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে শরীফ ওসমান বিন হাদিকে দেখতে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজ শেষে বিজয় নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়।
উল্লেখ্য, খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল অসুস্থতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন