বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, হাদির (ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি) ওপর হামলার ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, হাদি আগে থেকেই সামাজিক মাধ্যমে হুমকির কথা জানালেও গোয়েন্দা সংস্থাগুলো প্রয়োজনীয় তৎপরতা দেখায়নি। এ ঘটনার পর ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করব।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী ও পুরো প্রশাসন এতদিন কী করল? তাদের কাছে কি তথ্য নেই? নাকি প্রশাসনের ভেতরে কেউ কেউ এখনো এদের সহযোগিতা করছে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও প্রশাসনের বিভিন্ন সেক্টরে তাদের মাফিয়া সহযোগীরা রয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, প্রশাসন ও আমলাতন্ত্র সংস্কারে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। যার প্রতিফলন বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে। আহত হাদিকে দেখতে হাসপাতালে গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়, অথচ জামায়াতের আমির গেলে নারায়ে তাকবির স্লোগান শোনা যায়।
তার মতে, এ ঘটনা রাজনৈতিক বিভাজন ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডেরই ইঙ্গিত দেয়। তিনি বলেন, এই কথাগুলো আমি বলছি না ইনকিলাব মঞ্চের একজন নেতা এই কথাগুলো বলেছেন।
বিডি প্রতিদিন/এমআই