বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, যেদিন শিশুদের স্বপ্ন দেখার অধিকার এবং শৈশবের অঙ্গীকার পূর্ণ হবে, সেদিনই স্বাধীনতা প্রকৃত অর্থে ফলপ্রসূ হবে।
মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে এক পথসমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের একটি লেখা উদ্ধৃত করে তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মীর মশাররফ হোসেন এই কথাটি অনেক আগেই বলেছিলেন। গত ৫৪ বছরে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত এই সত্য উপলব্ধি করেছে।
নওশাদ জমির বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা এক ও অভিন্ন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। তবে স্বাধীনতা ও বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্রমেই বাড়ছে। এর একটি উদাহরণ হলো ওসমান হাদিকে হত্যাচেষ্টা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, পঞ্চগড় একটি সীমান্তবর্তী এলাকা। তাই আমরা স্বাধীনতার গুরুত্ব ভালোভাবে বুঝি। যেসব দেশের সার্বভৌমত্ব নেই, স্বাধীনতাও নেই, সেসব দেশের মানুষ কতটা কষ্টে আছে তা আমরা জানি। ১৯৭১ সালে বাংলাদেশে যে স্বাধীনতার বীজ রোপণ করা হয়েছিল, আমাদের ওপর যত আঘাতই আসুক না কেন, সেই বীজ একদিন মহীরুহে পরিণত হবে।
বিডি প্রতিদিন/মাইনুল/আশিক