বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, একটি গোষ্ঠী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মবরণে দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে।
শুক্রবার শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, মানুষ যখন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন নানামুখী ষড়যন্ত্রের কথাও কানে আসছে।'
তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। এর মানে এই নয়, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন, তা আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমাদের সেই আন্দোলন আন্দোলনের জায়গায় রয়েছে।’
বিএনপি নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘পুরুষের প্রতি নির্ভরশীলতা কমানোর জন্যই এই কার্ড। যারা নারীকে ঘরে আবদ্ধ করতে চায়, তারাই বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত লুকিয়ে রেখে একেক সময় একেক কথা বলছে। তাদের টার্গেট একটাই কোনোমতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে। সেই ভয়ংকর চেহারা জাতি আর দেখতে চায় না।’
বিডি প্রতিদিন/জুনাইদ