দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতাসহ এক হাজারের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার সকালে বরিশাল-৪ আসনের বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের বাসভবনে গিয়ে তারা যোগদান করেন।
যোগদানকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, ‘জাতীয় পার্টির বর্তমান সাংগঠনিক অবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। দলের কোনো কার্যক্রম না থাকায় আমরা সংগঠন থেকে সরে দাঁড়িয়েছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বের প্রতি ভালোলাগা থেকেই মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর কমিটি, হিজলা উপজেলার আংশিক ও কাজিরহাট থানার প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।’
অনুষ্ঠানে রাজিব আহসান বলেন, ‘মেহেন্দিগঞ্জ উপজেলায় ভিন্ন মত থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে। কিন্তু একটা জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সেটি হলো— মেহেন্দিগঞ্জের নামের আগে অবহেলিত শব্দটা বাদ দিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/এমই