বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলটির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই মুহূর্তে দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমানেরও কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আগামী প্রধানমন্ত্রী কে হবেন, তারা নিঃসংকোচে তারেক রহমানের নামই বলেন, এটাই বাস্তবতা।
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, মানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ, দেশের গণতন্ত্র নিরাপদ। বিএনপি কখনো জনগণের বিরুদ্ধে কোনো কাজ করেনি। এ কারণেই আমরা গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি বাংলাদেশের সবচেয়ে উদার, আধুনিক ও গণতান্ত্রিক দল। যতবারই দেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবার বিএনপিই গণতন্ত্রকে টেনে তুলেছে। জিয়া পরিবার এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
তিনি বলেন, গত ১৭ বছরে দলের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থক সবাই কম-বেশি নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের বাইরে কেউ নেই। আপনারাও যথাযথ মর্যাদা পাননি। কিন্তু আজ দলের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে। তারেক রহমান বারবার বলেছেন, তিনি পেছনের কথা বলতে চান না, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে চান।
বিএনপির এই নেতা বলেন, বিএনপিই একমাত্র দল, যারা দেশের ঐক্যের কথা বলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ বিভিন্ন সময়ে দেশকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। ২৪ এর আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে একটি দল বিভাজন সৃষ্টি করেছে। কিন্তু তারেক রহমান আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে জাতীয় সরকারের কথা বলেছেন বলেও জানান
বিডি প্রতিদিন/এমআই