আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মাধ্যমে দলটির চেয়ারম্যানের পলিসি ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের জন্য যে নীতিমালার সঙ্গে প্রতিটি শ্রেণি ও পেশার মানুষ সম্পৃক্ত হবে বলে আশা দলটির।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন জানান, প্রথম কর্মসূচি হিসেবে ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ চালু করা হয়েছে। এর আওতায় সারা দেশে পোস্টার ও ড্যাংলারে মাধ্যমে একটি কিউআর কোড ছড়িয়ে দেওয়া হবে। ওই কিউআর কোড স্ক্যান করে যে কেউ নিজের মতামত, চিন্তা ও পরামর্শ সরাসরি তারেক রহমানের কাছে পাঠাতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
দ্বিতীয় কর্মসূচি ‘লেটার টু তারেক রহমান’। এই কর্মসূচির মাধ্যমে নাগরিকেরা চিঠি, ই–মেইল ও অনলাইনে মতামত পাঠিয়ে আগামী দিনের বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব জানাতে পারবেন। চিঠি পাঠানোর জন্য গুলশান-২-এর একটি নির্ধারিত ঠিকানা, ই-মেইল ও অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
তৃতীয় কর্মসূচি হিসেবে মাহদী আমিন উল্লেখ করেন, ‘ম্যাচ মাই পলিসি’ নামে একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপের কথা। তিনি জানান, সহজ ও ব্যবহারবান্ধব এই অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে তিন লক্ষাধিক মানুষ বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনা সম্পর্কে মতামত দিয়েছেন। নতুন বাংলাদেশে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও নীতিভিত্তিক আলোচনাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চতুর্থ কর্মসূচি ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। এ কর্মসূচির আওতায় সিলেটে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
পঞ্চম কর্মসূচি হিসেবে মাহদী আমিন বিএনপির আটটি লিফলেটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিভিন্ন সেক্টরে বিএনপির নীতি ও তারেক রহমানের ভিশন তুলে ধরে এসব লিফলেট প্রস্তুত করা হয়েছে, যা ইতিমধ্যে কূটনৈতিক মহলেও আলোচিত হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত