বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে চীনা নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল।
বুধবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চার সদস্যবিশিষ্ট চীনা প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দেশটির বিশিষ্ট কূটনীতিক চেন ওয়েই। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারা সরাসরি পর্যবেক্ষণ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই পর্যবেক্ষক টিম ঢাকা সফরে এসেছে।
বৈঠককালে চীনা প্রতিনিধিদল আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ মিলে আগামীকাল একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। একইসঙ্গে ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বিডি প্রতিদিন/এমআই