ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করার ঘটনায় ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জেলা আমিরকে ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনাকে একটি পরিকল্পিত নাটক উল্লেখ করে তিনি বলেন, উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি বেলাল উদ্দিনের ব্যবসার টাকা।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এটা একটা সাজানো নাটক। তিনি (আমির বেলাল) তার ব্যবসার কাজে আসা যাওয়া করেন এরইমধ্যে স্পষ্ট করেছেন। ব্যাংক বন্ধ এজন্য লেনদেন করতে হয় সেটাও তিনি বলেছেন। এজন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, একটা মানুষ ব্যবসা করতে পারেন, তার পরিবার বা অন্য প্রয়োজনে এটা তিনি বহন করতে পারেন। এয়ারপোর্টের মতো একটি রেসট্রিকটেড এরিয়াতে যেখানে লিমিটেড মানুষের চলাফেরা সেখানেও একটি নাটক সাজানো হয়েছে যে তিনি টাকা নিয়ে যাচ্ছেন, এটাকে একটা অর্থ করার জন্য বিভিন্ন নিউজ করানো হচ্ছে। তিনি একজন বয়স্ক লোক ও দায়িত্বশীল নেতা। এরইমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মেন্টাল টর্চারের জন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা দৃড়ভাবে বলতে চাই জামায়াতে ইসলামী তাদের নীতিনির্ধারণী কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনার চেষ্টা করে।
তিনি বলেন, জেলা আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদিকে নেয়ার চেষ্টা চলছে। এ অর্থ নির্বাচনসংশ্লিষ্ট নয়, এটি তার ব্যক্তিগত ব্যবসার টাকা। দেশের নানা জায়গায় প্রার্থী, এজেন্ট ও নেতৃবৃন্দের ওপর হামলা করা হচ্ছে। জনমনে আতংক সৃষ্টির জন্য নানাভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের কিছু লোক একটি দলকে অন্যায়ভাবে সুবিধা দিতে একদিকে হেলে পড়েছে। যদি নিরপেক্ষ অবস্থা থেকে প্রশাসন সরে যায় তাহলে জনগণ কাউকে ছাড়ে দেবে না।
বিডি-প্রতিদিন/শআ