তারেক রহমান ও শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, এ ধরনের নতুন সংস্কৃতি রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তনের সূচনা করতে পারে।
রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘আমরা এটিকে স্বাগত জানাই। নিজেদের ভেতরে এ ধরনের নতুন সংস্কৃতি তৈরি হওয়া একটি ইতিবাচক ও গুণগত পরিবর্তনের ইঙ্গিত।’
তাহের জানান, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে একসঙ্গে থাকার অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন দুই নেতা।
নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ইতিবাচক সমাধান খোঁজার বিষয়ে উভয় দল মৌলিকভাবে একমত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অগ্রাধিকার নির্ধারণের পরামর্শও দিয়েছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে তাহের বলেন, ‘প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা—সরকারকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
পাশাপাশি জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
বিডি-প্রতিদিন/আশফাক