দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাতজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নয়জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে দুজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।
এই সময়ে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৮৩৪ জন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৫৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর দুজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। এর আগে, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আরাফাত