পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার থেকে লেনদেনের সময় প্রায় ১ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, রমজান মাসে ডিএসই ও সিএসইতে সকাল ১০ থেকে লেনদেন শুরু হবে। যা বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
পোস্ট ক্লোজিং সেশনে নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে দিনের ক্লোজিং দামে শেয়ার ও ইউনিট ক্রয় বা বিক্রয় করতে পারবেন বিনিয়োগকারীরা।
গতকাল পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এই সময় অনুযায়ী লেনদেন হবে।
এদিকে, রমজান মাস উপলক্ষ্যে আজ থেকে ডিএসই ও সিএসইর দাফতরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর উভয় স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রমও প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/কেএ