১৯৭৮ সালের ১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির বয়স এখন ৪৮ বছর। এই সময়ে ছয়বার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় দলটি। ৪৮ বছরে বিএনপিতে উত্থানপতন অনেক কিছুই ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় জিয়াউর রহমানের শাহাদাতবরণ। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দু-দুটি স্বৈরাচারী সরকারের মোকাবিলা করতে হয়েছে ২৪ বছর। বেগম খালেদা জিয়া মামলাহামলা, জেলজুলুমের মধ্য দিয়েও আপসহীন সংগ্রামে তাদের পরাস্ত করতে পেরেছেন এ দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে। তিনি প্রমাণ করে দিয়েছেন এ দেশের প্রতি ইঞ্চি মাটির সঙ্গেই ছিল তাঁর নিবিড় সংযোগ।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়া ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান এখন দলটির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী। বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী ও ছেলে প্রধানমন্ত্রী-এরকম ইতিহাস বিশ্বে বিরল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সরকার গঠন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এবারের মন্ত্রিসভায় সমহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছেন বিএনপির সাবেক নেতাদের উত্তরসূরিরা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন নিজ জেলা বগুড়া ও ঢাকা থেকে। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।
তারেক রহমানের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার বিগত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন। তাঁর বাবা মির্জা রুহুল আমিনও একই আসন থেকে বিএনপির এমপি ছিলেন। খন্দকার আবদুল মুক্তাদীর সিলেট থেকে এমপি নির্বাচিত হয়েছেন। মিথ আছে সিলেট-১ আসন থেকে যিনি এমপি নির্বাচিত হন তাঁর দল সরকার গঠন করে। তাঁর বাবা খন্দকার আবদুল মালিক ওই আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন। ওই তিনবারই বিএনপি সরকারে ছিল। বাবার আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন খন্দকার মুক্তাদীর। তাঁর দলও সরকার গঠন করেছে। প্রথমবার এমপি নির্বাচিত হয়েই মুক্তাদীর পেয়েছেন মন্ত্রিত্বের স্বাদ। মানিকগঞ্জ থেকে এমপি নির্বাচিত হয়েছেন আফরোজা খানম রিতা। তাঁর বাবা হারুনার রশীদ খান মুন্নু ওই আসন থেকে চারবার এমপি নির্বাচিত হন। ছিলেন মন্ত্রী। প্রথমবারের মতো নির্বাচিত এমপি আফরোজা খানম রিতা পেয়েছেন মন্ত্রিত্ব। জাকারিয়া তাহের সুমন আগেও এমপি নির্বাচিত হয়েছেন কুমিল্লা থেকে। তাঁর বাবা আবু তাহেরও একই আসনের এমপি ছিলেন। জাকারিয়া তাহেরও এবারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
অনিন্দ্য ইসলাম অমিত সাবেক মন্ত্রী যশোরের তরিকুল ইসলামের ছেলে। প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। শামা ওবায়েদ ইসলাম বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে। পিতার আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রীর। পিতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ছিলেন সাবেক মেয়র ও মন্ত্রী। ঢাকা থেকে প্রথমবারের মতো নির্বাচিত ইসরাক হোসেনও প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাঁর পিতা সাদেক হোসেন খোকা ছিলেন একই আসনের এমপি, ঢাকার মেয়র ও মন্ত্রী। ফারজানা শারমীন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের পটলের মেয়ে। নাটোরে বাবার আসন থেকে প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফারজানা। ময়মনসিংহ থেকে প্রথমবার এমপি নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইয়াসের খান চৌধুরী। তাঁর বাবা আনওয়ারুল ইসলাম চৌধুরীও একই আসনের এমপি ছিলেন। সিরাজগঞ্জ থেকে নির্বাচিত এমপি এম এ মুহিত সাবেক মন্ত্রী এম এ মতিনের ছেলে। মুহিতও বাবার আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পিরোজপুর থেকে প্রথমবারের মতো নির্বাচিত আহম্মদ সোহেল মঞ্জুর পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। তাঁর বাবা নুরুল ইসলাম মঞ্জুর মন্ত্রী ও একই আসনের এমপি ছিলেন।
মন্ত্রিত্বের বাইরে বিএনপির সাবেক এমপি ও মন্ত্রীদের যেসব সন্তান নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন গাজীপুরের সাবেক মেয়র ও এমপি এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম, সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জের শামসুল ইসলাম খানের ছেলে মঈনুল ইসলাম খান, সাবেক মন্ত্রী ফরিদপুরের চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ, সাবেক স্পিকার পঞ্চগড়ের জমিরউদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির, সাবেক মন্ত্রী মৌলভীবাজারের এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান, সাবেক মন্ত্রী চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী চট্টগ্রামের আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান ও সাবেক প্রতিমন্ত্রী কুষ্টিয়ার আহসানুল হক মোল্লার ছেলে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
লেখক : সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন