ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মুফতি শুয়াইব ইব্রাহিম তার নিজস্ব ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিসিক ব্রিজ এলাকায় দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইশতেহারে মুফতি শুয়াইব ইব্রাহিম গোপালগঞ্জ-২ আসনকে একটি উন্নত, আধুনিক ও সমতার এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন, তিনি ও তার জোট ক্ষমতায় গেলে এই এলাকাকে একটি আধুনিক গোপালগঞ্জে রূপান্তর করা হবে। পাশাপাশি শিক্ষা-দীক্ষায় জনগণকে আরও এগিয়ে নেওয়া এবং এলাকার মানুষের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।
এক প্রশ্নের জবাবে মুফতি শুয়াইব ইব্রাহিম বলেন, জনগণ চাইলে শরিয়াভিত্তিক শাসনব্যবস্থা প্রবর্তন করা হবে। তবে এ ক্ষেত্রে বর্তমান সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
গোপালগঞ্জ-২ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনা কমিটির নেতা মাসুদুর রহমান, ইজহারুল ইসলাম, ওমর ফারুক, মোরতোজা হাসান ও আহমাদুল্লাহ ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল