আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে হবিগঞ্জের ৪টি আসনে মোট ২৩৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে প্রশাসন।
এসব কেন্দ্রের মধ্যে ১০৩টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বলয় তৈরীতে ব্যস্ত সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরমধ্যে অনেক বাহিনী তাদের মহড়াও সম্পন্ন করছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, জেলার ৪টি আসনে মোট ৬৪৭টি ভোট কেন্দ্র রয়েছে। এছাড়াও আলাদাভাবে থাকবে আরও ৪টি পোস্টাল ভোট কেন্দ্র। আর এসব কেন্দ্রে ২০৬৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া ৫৫টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ৯টি, ২টি কুইক রেসপন্স টিম ও প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে, জেলার সীমান্তবর্তী এলাকাসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গুরুত্ব দিচ্ছে বিজিবি। নির্বাচনে জেলায় দায়িত্ব পালন করবে ১৭ প্লাটুন বিজিবি। এছাড়াও সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কোননো ধরণের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, এবারই প্রথম পুলিশ বডি অর্ন ক্যামেরা ব্যবহার করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
এবারের নির্বাচনে জেলার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে ৫ জন, হবিগঞ্জ-২ আসনে ৫ জন, হবিগঞ্জ-৩ আসনে ৬ জন ও হবিগঞ্জ-৪ আসনে ৯ জন রয়েছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৬৯২ জন। এর মধ্যে ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন পুরুষ, ৯ লাখ ৫ হাজার ২৪২ জন নারী ও ২৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ