কড়া প্রশাসনিক তৎপরতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে উৎসবমুখর পরিবেশে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। দিনভর জেলার বিভিন্ন কেন্দ্রে ছিল উৎসবের আবহ। ভোটারদের দীর্ঘ লাইনে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
সকাল থেকে যশোর-৩ আসনের আব্দুর রাজ্জাক কলেজ কেন্দ্র, সেবা সংঘ মাধ্যমিক বিদ্যালয়, এমএন খান প্রাথমিক বিদ্যালয়, টিটিসি কলেজ কেন্দ্র, শীলা রায় মাধ্যমিক বিদ্যালয়, নিউটাউন বালিকা বিদ্যালয়, উপশহর মাধ্যমিক বিদ্যালয় ও শেখহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ অন্তত ২৫টি কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণের ধীরগতির অভিযোগ করেন ভোটাররা। দুপুর ২টার মধ্যে কিছু কেন্দ্রে ৫০ শতাংশ এবং কোথাও কোথাও ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা।
জেলার গুরুত্বপূর্ণ যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সকাল সাড়ে ৮টায় শহরের টিটিসি কেন্দ্রে ভোট দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সকাল থেকে বোমাবাজির শব্দ শোনা যায়নি, এতে স্বস্তি প্রকাশ করেন তিনি। তবে ভোটের আগের দিন টাকার ছড়াছড়ির অভিযোগও তোলেন তিনি। জনগণ ধানের শীষকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন। এর আগে সকাল সাড়ে ৭টায় তিনি শহরের কারবালা কবরস্থানে তার পিতা, বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার গাবতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ঈদের মতো উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে, যা মানুষের ভোটদানে আগ্রহেরই বহিঃপ্রকাশ।
জেলার বাকি পাঁচটি আসনেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এবারই প্রথম যশোর জেলায় শতভাগ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু রাখতে বিপুল সংখ্যক আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যের পাশাপাশি ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
যশোরের ছয়টি আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, নারী ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ২৫ জন ভোটার রয়েছেন।
বিডি-প্রতিদিন/আশফাক