ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মাদারীপুর-৩ ও মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা এবং মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন।
মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাত একটার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে ৯৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৬৪৬ ভোট।
মাদারীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
অন্যদিকে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন হানজালা বিজয়ী হয়েছেন। তিনি ১১ দলীয় জোটের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ভোট পেয়েছেন ৬৪ হাজার ৯০৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
দুটি আসনেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বিডি-প্রতিদিন/এমই