ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম। এ আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়েছেন তিনি। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ৫৩ হাজার ৭৭৩ ভোট।
শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে সাইফুল আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক। তিনি বিএনপি জোটের প্রার্থী। তিনি পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।
তৃতীয় অবস্থানে থাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন।
জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম বিএনপি জোট প্রার্থীর চেয়ে ২২ হাজার ৮১০ ভোট ও স্বতন্ত্র সাইফুল আলমের চেয়ে ২৩ হাজার ৯০৪ ভোট বেশি পেয়েছেন। অবশ্য সাইফুল হক ও সাইফুল আলমের (স্বতন্ত্র) যৌথ ভোট জামায়াত প্রার্থীর চেয়ে বেশি, ৬০ হাজার ৮৩২টি।
ঢাকা-১২ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৩১৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১২ জন। ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪টি। বৈধ ভোট ছিল ১ লাখ ২২ হাজার ২৬৮টি।
এ আসনে মোট ১৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান হাত পাখা প্রতীকে ২ হাজার ৫৮ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সরকার মোহাম্মদ সালাউদ্দিন ১ হাজার ৭৭০ ভোট, গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের প্রার্থী তাসলিমা আক্তার ১ হাজার ৫১১ ভোট, আমজনতার দলের প্রজাপতি প্রতীকের তারেক রহমান ১ হাজার ৪৪ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী কল্লোল বনিক ৪৫৩ ভোট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত