বরিশাল-৩ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, ২০২৬ সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন ছিল ‘জাল-জালিয়াতি ও চর দখলের নির্বাচন’।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন বরিশাল-৩ আসনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগ তুলে রবিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ফুয়াদ বলেন, দুই উপজেলা থেকে পাওয়া ফলাফলের শিটে গণভোটের তুলনায় সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের সংখ্যা বেশি দেখা গেছে। গণভোটে ভোট কম এবং সাদা ব্যালট বেশি হওয়া ভোট জালিয়াতির ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, যে ব্যবধানে তিনি এক উপজেলায় পরাজিত হয়েছেন, সেই পরিমাণ ভোটেই জালিয়াতি হয়েছে।
ভোটের দিনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, বাবুগঞ্জে ‘চর দখল’ ঠেকাতে গিয়ে মুলাদীতে নজর দেওয়া সম্ভব হয়নি। মুলাদীতে ব্যালটে সিল দেওয়ার ঘটনায় তাদের এজেন্টরা আতঙ্কে এলাকা ছাড়েন এবং দুই দিন পর বিষয়টি জানান।
তিনি বলেন, বিএনপির একটি অংশ ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদে’ পরিণত হচ্ছে। দলের ভেতরের এসব প্রবণতা নিয়ন্ত্রণ না করলে রাজনৈতিকভাবে ব্যর্থতার মুখে পড়তে হবে বলে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/সুজন