শাকিব খানকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘প্রিন্স’। এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এ চলচ্চিত্রে নাকি বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ অভিনয় করতে পারেন। বিষয়টি খোলাসা করে না বললেও পরোক্ষভাবে এমনই ইঙ্গিত পাওয়া গেছে নির্মাতার কথায়। সম্প্রতি টিম ‘প্রিন্স’ বলিউডে উড়াল দিয়েছিল। তারা দেখা করেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের সঙ্গে। ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহক- তিনজনের সঙ্গেই কথা বলেছেন তিনি। পরিচালক বলেছেন, ‘আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। তার একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করছেন অমিতাভ স্যার। অমিতের সূত্রে তার সঙ্গে যোগাযোগ। আমরা দেখা করি এই কিংবদন্তি অভিনেতার সঙ্গে।’ অমিতাভ বাংলাদেশের ছবি সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল। এদিকে একটি মহল গুঞ্জন চাউর করেছে যে, এ চলচ্চিত্রে অমিতাভ থাকতে পারেন। এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে আবু হায়াত বলেন, ‘প্রিন্স’ ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করার প্রশ্নই ওঠে না, তবে আমার সঙ্গে কথা হয়েছে আরেক জনপ্রিয় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে। তিনি এ ছবিতে অভিনয় করবেন কি না সেটা সময় আসুক, জানতে পারবেন সবাই।