টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং ‘টলি-কুইন’ কোয়েল মল্লিক তার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ইতিবাচক দিকগুলোর জন্য বরাবরই অনুরাগীদের চর্চায় থাকেন। যদিও তিনি সাধারণত প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না, এবার তিনি নতুন প্রজন্মের ভক্তদের জন্য নিয়ে এলেন বিশেষ ডেটিং টিপস। সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা সম্পর্কের গভীরতা নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা মন জয় করে নিয়েছে সবার। কোয়েল মল্লিক বর্তমান প্রজন্মের অস্থির সম্পর্কের ধারণা প্রসঙ্গে বলেন, সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয়। তিনি মনে করিয়ে দেন যে, একটি সম্পর্ক মানেই শুধু সুন্দর, খুশি বা ‘হ্যাপেনিং’ মুহূর্ত নয়, বরং এটি একটি ‘কথা দেওয়া’ বা ‘কমিটমেন্ট’। তার মতে, সেই প্রতিশ্রুতির মধ্যে পবিত্রতা এবং আনুগত্য থাকা অত্যন্ত জরুরি। তাই সামান্য খারাপ লাগা বা একঘেয়েমি এলেই জামাকাপড় বদলানোর মতো সম্পর্ক বদলে ফেলা উচিত নয় বলেই মনে করেন তিনি। নায়িকা আরও বলেন, তিনি হয়তো কিছুটা পুরোনোপন্থি, কিন্তু তিনি সেভাবেই ভালোবাসতে ভালোবাসেন। নায়িকার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকে তাকে সমর্থন করে লিখেছেন, ‘একদম সঠিক কথা।’ আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ‘অনেক কারণেই তুমি টলি-কুইন।’ সফল ক্যারিয়ারের পাশাপাশি সংসার জীবনেও কোয়েলের এই গভীর মূল্যবোধের প্রতিফলন দেখা যায়।