উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গী হয়ে গেছে ‘মাস্ত কালান্দার’ গানটি। এমনটিই জানালেন এই বরেণ্য শিল্পী। ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন ঘিরে প্রকাশ পেয়েছে গানটি। কোক স্টুডিও বাংলার ফেসবুক পেইজে প্রচার হওয়া একটি ভিডিওতে রুনা লায়লা এ গানের পেছনের গল্প বলেছেন। তিনি বলেন, এটা আধ্যাত্মিক ঘরানার একটা গান। এ গানটা প্রথমে গাওয়া শুরু করেছিলাম বাংলাদেশে। তারপর ১৯৭৪ সালে ভারতে গেলাম তখন এ গানটা গাইলাম। গাওয়ার পর দেখি ভীষণভাবে ওখানে লোকেরা এটা পছন্দ করেছে। গানের নাম দিয়ে দিল ওরা ‘দামাদাম মাস্ত কালান্দার’। দর্শকপ্রিয়তা পাওয়ার পর গানটি তার ‘সঙ্গী’ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। রুনা লায়লা বলেন, এ গানটা তো অনেকেই গেয়েছেন যার যার নিজের স্টাইলে, আমি আমার স্টাইলে এটা অন্যরকমভাবে গাওয়ার চেষ্টা করেছি। যেটা সবাই পছন্দ করেছে। এ গানটা যেন আমার সঙ্গী হয়ে গেছে। অনুষ্ঠান ছাড়াও দেশবিদেশের গানের রিয়েলিটি শোয়েও দর্শকদের অনুরোধে ‘মাস্ত কালান্দার’ গাইতে দেখা গেছে রুনা লায়লাকে। গানটি কেবল দর্শকদের মধ্যে নয়, তার নিজের ভিতরেও ঘোর তৈরি করে বলে জানিয়েছেন তিনি।