মজারু
শাবনূর ও বিষধর সাপ
জনপ্রিয় নায়িকা শাবনূর একটি মজার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, মতিন রহমান স্যারের ‘বিয়ের ফুল’ ছবির ‘মন না দিলে হয় কি প্রেম’ গানের শুটিং করছিলাম কক্সবাজারে। আমার পায়ের কাছেই ছিল একটি বিষধর সাপ, যা আমি খেয়াল করিনি। আর রিয়াজও বলেনি কারণ আমি সাপ ভীষণ ভয় পেতাম। রিয়াজ সাপটিকে পা দিয়ে চাপ দিয়ে ধরেই শটটি সম্পন্ন করেছিল। আর পুরো ঘটনাটাই ছিল আমার অজানা। শট দেওয়ার পর আমি তা জানার সঙ্গে সঙ্গেই ভয়ে দিয়েছিলাম এক দৌড়।

স্মৃতির ঝাঁপি
প্রথম রোজগার ৬৪ টাকা : ঈশিতা
জনপ্রিয় অভিনেত্রী, নৃত্য ও সংগীতশিল্পী রুমানা রশীদ ঈশিতা। এই সময়ে অভিনয়ে তেমন করে না থাকলেও মাঝে মাঝে গান, আঁকাআঁকি, সংসার ও ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে আজ মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে রাত ৮টায় তিনি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র পর্বে অতিথি হয়ে আসছেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজকের পর্বে তিনি জানিয়েছেন তাঁর জীবনের না বলা অনেক কথা। তিনি জানিয়েছেন, এ সপ্তাহেই ক্যামেরার সামনে তাঁর ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ছয় বছর বয়সে সেটিই ছিল ঈশিতার প্রথম ক্যামেরার সামনে আসা। জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে ‘নতুন কুঁড়ি’র দুবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যাংকে ছিলেন সে সময়। ব্যাংকেই সঙ্গে সঙ্গে সেই টাকা জমা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি, সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেওয়া হতো। ইউনিভার্সিটিতে পড়াকালীন সেটা ৫০০ টাকাতে উত্তীর্ণ হলো। হাত খরচের জন্য সে সময় ৫০০ টাকা খুবই সামান্য টাকা। ঈশিতা বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে আছেন। পারিবারিক ব্যস্ততার কারণেই অনেক লোভনীয় নাটক-সিরিজ-সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে মনের মতো চরিত্র এবং স্ক্রিপ্ট পেলে যে কোনো মাধ্যমেই আবার কাজ করার ব্যাপারে মনস্থির করেছেন তিনি।

ভিন্ন স্বাদ
শাকিবের মায়ের কান্না থামছিল না
শাকিব তার অভিনয় জীবনের একটি স্মৃতির কথা জানাতে গিয়ে বলেন, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমাটা দেখেছিলেন আমার মা। সিনেমায় আমি মারা গিয়েছিলাম। মারা যেতে দেখে মার কান্না থামছিল না। আমি তখন রাঙামাটিতে অন্য একটি সিনেমার শুটিং করছি। সেখান থেকে ফোন করে আমার মায়ের কান্না থামাতে হয়েছিল।