তটিনীর মাত্র কয়েক বছরের ক্যারিয়ার। অভিনয় নিয়েই স্বপ্নের নৌকা বেয়ে চলছেন তিনি। পরিকল্পনা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দশ বছর পরও দর্শকরা আমার কোনো কাজ দিয়ে আমাকে মনে রাখে, এমন অবস্থায় নিজেকে নিয়ে যেতে চাই।’ এখন অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও ছোটবেলায় অভিনেত্রী হবেন, এমনটা ভাবেননি তটিনী। কিন্তু ভাগ্যই তাকে অভিনয়ে এনেছে। অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল গাইনির ডাক্তার হবেন। মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিলেন। স্বল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে রূপ আর অভিনয় গুণে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। ছোট পর্দার গুণী তারকা অভিনেতাদের সঙ্গে জুটি বাঁধার সুযোগ মেলে। উপহার দেন ‘পথে হলো পরিচয়’, ‘সময় সব জানে’, ‘শেষ ঘুম’, ‘প্রণয়’, ‘লাস্ট নাইট’-এর মতো নাটক। ২০১৯ সালে মডেলিং শুরু করেন তটিনী। ২০২২ সালে অভিনয়ে অভিষেক ঘটে। মডেলিং থেকে অভিনয়ে পা রাখার বিষয়ে তটিনী বলেন, ‘২০১৯ সালে বিজ্ঞাপনচিত্র দিয়ে আমার ক্যারিয়ার শুরু। পরে তিন বছর বিজ্ঞাপনই বেশি করেছি। একটি বিজ্ঞাপনের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলাম। জীবনের প্রথমবার স্ক্রিন টেস্টেই নির্বাচিত হই। দুই বছর বিজ্ঞাপনে কাজ করার পর চরকির ‘এই মুহূর্তে’ চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু করি।’ তটিনী অভিনীত প্রথম টিভি নাটক ‘শারদা প্রাতে’। পূজা উপলক্ষে এ নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেন এফ এস নাঈম। ২০২২ সালে নাটকটি এনটিভিতে প্রচার হয়। তবে মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘সুহাসিনী’ নাটক তাকে পরিচিতি এনে দেয়। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজে পা রেখেছেন তটিনী। অভিনয় করেছেন চলচ্চিত্রে। ‘জয়া আর শারমীন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন তটিনী। এতে সহশিল্পী হিসেবে পেয়েছেন জয়া আহসানকে। চলতি বছরে মুক্তি পেয়েছে সিনেমাটি। কাজের স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে বেশ কটি পুরস্কারও জমা পড়েছে তটিনীর ঝুলিতে। তটিনীর আত্মবিশ্বাসী কথা হলো, আমি যদি অভিনয়ের দক্ষতা বাড়াতে পারি, তাহলে সাফল্য আসবেই। সবাই কিন্তু ভালো করছেন না। যাদের নিবেদন আছে, যারা কাজের প্রতি সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তারাই কিন্তু দিন শেষে টিকে থাকবেন। এসব প্রস্তুতি আমার মধ্যে আছে। আমি কাজ করে যেতে চাই। নাটকে অভিনয়ের কারণে একটা সময় এসে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেতে থাকেন তটিনী। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমীন’ ছবিতে অভিনয় করেছেন। তটিনী বলেন, আমি কোনো দিন ভিউয়ের কথা চিন্তা করে কাজ করিনি। তাই এটা নিয়ে বলাটা আমার জন্য মুশকিল। ভিউ তো খুব সহজে পাওয়া যায়।