একদিকে টেলি পর্দায় রমরমিয়ে চলছে তার ধারাবাহিক। শুটিংয়ের চাপ রয়েছে বেশ। একই সঙ্গে চলছে মধুমিতার নতুন ছবি ‘অটবি’র শুটিং। তার মধ্যেই চলছে নায়িকার বিয়ের তোড়জোড়। সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের ছবির শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিতে এই প্রথমবার দেখা যাবে মধুমিতাকে। তাই বলা যায় বছর শেষে নতুন অনেক কিছুই ঘটছে অভিনেত্রীর জীবনে। আর তার হাত ধরেই নতুন বছরে নতুন সবকিছুর হাত ধরেই জার্নি শুরু করবেন মধুমিতা। এরই মাঝে কীভাবে নিজের বিশেষ দিনটা উদযাপন করবেন সবটাই ভেবে ফেলেছেন তিনি। বিয়ের দিনক্ষণ এখনো সঠিকভাবে নির্ধারিত না হলেও শোনা যাচ্ছে যে, মধুমিতার নাকি বিয়ের দিনের জন্য চিরাচরিত লাল শাড়িই পছন্দ। লাল বেনারসিতেই এদিন সাজার পরিকল্পনা করেছেন তিনি। তবে রিসেপশনে কীভাবে সাজবেন বা কী শাড়ি পরবেন তা নাকি এখনো ঠিক করে উঠতে পারেননি। তবে সময় পেলেই নাকি কেনাকাটা করছেন তিনি।