কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার কণ্ঠে গান মানেই আবেগ, স্মৃতি আর এক প্রজন্মের ভালোবাসা। সেই আবেশেই নিজেকে হারালেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। রাজধানীতে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে রুনা লায়লার গান শুনে সৌদি আরবে কাটানো শৈশবের দিনগুলোতে ফিরে যান তিনি। আবেগে ভেসে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি নাবিলা। সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘বাংলা গানের প্রাণ’ শীর্ষক সংগীতানুষ্ঠান। মঞ্চে রুনা লায়লা একপর্যায়ে গেয়ে শোনান ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। তখন পুরো মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে এক আবেশ। দর্শকদের ভিড়ে উপস্থিত ছিলেন নাবিলাও। আর এ গান শুনে শৈশবে হারিয়ে যান নাবিলা। এতে তার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল আবেগের অশ্রু।