অভিনেত্রী তমা মির্জার ক্যারিয়ারের পালে এখন নতুন হাওয়া। শোনা যাচ্ছে, সাফল্যের ধারাবাহিকতায় নতুন বছরে বড়পর্দার দুই ভিন্ন ধাঁচের গল্পে নিজেকে সাজাতে চলেছেন ‘দাগী’ খ্যাত অভিনেত্রী। একটিতে সহশিল্পী হিসেবে থাকছেন মোশাররফ করিম, অন্যটিতে শরিফুল রাজ। পর্দার এই নতুন রসায়ন নিয়ে নির্মাতা গোলাম সোহরাব দোদুল ও হাসান মোরশেদের শুটিংয়ের সব প্রস্তুতিই চূড়ান্ত। তমা নিজেও গল্পের বুনন আর চরিত্রের গভীরতা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। খুব শিগগিরই ‘জলযুদ্ধ’সহ নাম ঠিক না হওয়া অন্য সিনেমাটির শুটিং ফ্লোরে দেখা যাবে তাকে। এদিকে ওপার বাংলার গুণী নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ সিরিজে কাজ করাটা তমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। কলকাতায় কাটানো সেই ৯টি দিন তার অভিনয় জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে আছে বলেই মনে করেন অভিনেত্রী।