এই সময়ের অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি মুক্তি পেয়েছে আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, যেখানে তাঁর অভিনয় হচ্ছে প্রশংসিত। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর বেশ কিছু সিনেমা। শুটিং করবেন নতুন একটি ওয়েব সিরিজে। তাঁর গাওয়া গানও রয়েছে প্রকাশের অপেক্ষায়। তাঁর সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটিতে মূলত কী উঠে এসেছে?
আমরা প্রায়ই দেখি, রেস্টুরেন্ট বা নানা জায়গায় লেখা থাকে ‘রাজনৈতিক আলাপ নিষেধ’। কিন্তু আসলে রাজনৈতিক আলাপটাই সবচেয়ে জরুরি। মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে, দেশ নিয়ে ভাবনাও তত গভীর হবে। এ ছবিতে আমরা সেটাই বলতে চেয়েছি। আমি মনে করি, রাজনৈতিক সচেতনতা ছাড়া সমাজকে এগিয়ে নেওয়া দুরূহ।
‘অমীমাংসিত’তে দেখার পর কাছের মানুষজন আপনার অভিনয় নিয়ে কী মন্তব্য করেছেন?
রায়হান রাফি নির্মিত এই ওয়েব ফিল্মটি আইস্ক্রিনে মুক্তি পায়। এখানে আমার চরিত্রের নাম ছিল অর্ণব, যে একজন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক। সিনেমাটি দেখার পর অনেকেই প্রশংসা করেছেন। গল্প বলার ধরন ও আমার অভিনয় তাদের ভালো লেগেছে বলেও জানিয়েছেন। গল্প অনুযায়ী দৃশ্যায়ন একেবারে ঠিকঠাকভাবে এগিয়েছে বলেও মন্তব্য করেছেন তারা।
নতুন কোন সিনেমায় কাজ করছেন? মুক্তির অপেক্ষায় আর কোন সিনেমা আছে?
সম্প্রতি রাজীব সালেহীনের ‘রবি ইন ঢাকা’ ছবির শুটিং শেষ করেছি। এখন কাজটি সম্পাদকের টেবিলে আছে। সৈকত রায়ের ‘রেকর্ডিংস’ (নাম চূড়ান্ত নয়) ছবির শুটিং প্রায়ই শেষের দিকে আর অল্প কিছু দৃশ্যায়ন বাকি রয়েছে। এটিতে আমার সহশিল্পী শার্লিন ফারজানা। যার সঙ্গে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটি করেছিলাম। আর হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ এর কাজ শেষ করেছি অনেক আগেই, মুক্তির অপেক্ষায় রয়েছে।
গোলাম মামুন-টু-তে অভিনয় করছেন শুনলাম...
হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে হইচই-এর ‘গোলাম মামুন’ বানিয়েছিলেন শিহাব শাহীন ভাই আর এবার ‘গোলাম মামুন টু’ বানাবেন তানিম রহমান অংশু ভাই। ঈদের আগেই শুটিং শুরু হবে দেশের বেশ কিছু লোকেশনে। সিরিজটি ঈদে রিলিজ পাওয়ার সম্ভাবনা আছে।
অভিনয় করছেন আবার নিয়মিত গানও করছেন...
আসলে অভিনেতা হব বা গায়ক হব-সেই পরিকল্পনা কখনো ছিল না। থিয়েটার করতে এসে অভিনয়ের প্রেমে পড়ে গেলাম। আর গানে আমার কোনো প্রাতিষ্ঠানিক তালিম ছিল না। গান ভালোবাসি। গাইতে গাইতেই গানের সঙ্গে যুক্ত হয়ে গেছি। সংগীতশিল্পী আহমেদ রাজীব ভাই আমাকে গানে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন। গান আমার প্যাশন, ভীষণ উপভোগ করি। এখন তো মাঝে মাঝে স্টেজ শোতেও পারফর্ম করছি।
সামনে নতুন কী গান আসবে?
আমার লেখা ও সুর করা ‘তোমায় যখন মনে পড়ে খুব’ রেডি রয়েছে। অন্যদিকে আমাদের ব্যান্ড ‘হ্যালির ধূমকেতু’র একটি গানে কণ্ঠ ও সুর দিয়েছি। লিখেছেন আমার পছন্দের অভিনেতা, রফিউল কাদের রুবেল ভাই। তবে গানটির নাম এখনো ঠিক করিনি। সময়-সুযোগমতো সামনে রিলিজ হবে। এর মধ্যে প্রকাশ পেয়েছিল আমাদের ‘হ্যালির ধূমকেতু’ ব্যান্ডের প্রকাশ ‘মেঘে মেঘে’ ও ‘হাওয়ার চিঠি’। সবাই শুনে ভালো বলেছেন।
বিয়ের বাদ্য বাজবে কবে?
সেটা কিন্তু ঘোষণা আগেই দিয়েছিলাম। সব ঠিক থাকলে এ বছরের শেষ দিকে। দেখা যাক।