অনেকেই মনে করছেন নতুন এক রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু এই দাবিকে স্র্রেফ গুজব বলে নাকচ করে দিলেন এ অভিনেত্রী। বাঁধন জানান, যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। সম্প্রতি আত্মপ্রকাশ করা একটি দলের নেতা-কর্মীদের সঙ্গে আজমেরী হক বাঁধনের ছবি দেখা যায়। সেই ছবি থেকে অনেকেই ধারণা করছিলেন হয়তো বাঁধন এবার রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন। বাঁধনের ভাষ্য, যারা নতুন রাজনৈতিক দলের সঙ্গে আছেন তারা খুবই ভালো। তাদের অনেকের সঙ্গেই আমার পরিচয় রয়েছে। সেই সূত্রে তাদের সঙ্গে দেখা করা। তার মানে এই নয় যে আমি দলে যোগ দিচ্ছি। সম্প্রতি রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড-এর কাজ শেষ করেছেন বাঁধন। এ ছাড়া রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার রটারড্যাম উৎসবে বিগ স্ক্রিন কমপিটিশন বিভাগে জায়গা পেয়েছে। বাঁধন বর্তমানে তানিম নূরের বনলতা এক্সপ্রেস-এর শুটিং করছেন, এটা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। আজমেরী হক বাঁধন নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকের নজর কেড়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী।