বাউল কবি রশিদ উদ্দিনের গান লুটের কাহিনি নিয়ে এক শেকড়সন্ধানী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাকুর মজিদ। নাম ‘ভাটিবাংলার অধিরাজ’। ‘এই যে দুনিয়া কীসেরও লাগিয়া’ অথবা ‘শুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি’র মতো আরও অনেক জনপ্রিয় গান লুট হয়ে গেছে বাউল রশিদ উদ্দিনের। এই বাউলকে তার গানের অধিকার ফিরিয়ে দিতেই এ প্রামাণ্যচিত্র- এমনটিই বলেছেন নির্মাতা শাকুর মজিদ। শাকুর মজিদ বলেন, ‘ভাটিবাংলার লোকসংগীতের এক বিস্মৃতপ্রায় সাধক বাউল কবি রশিদ উদ্দিন। এই সাধক ছিলেন ভাটিবাংলার বহু কিংবদন্তি বাউলের ওস্তাদ। শাহ আবদুল করিম, উকিল মুন্সি, জালাল খাঁ-এমন অনেক বিখ্যাত শিল্পী ছিলেন তাঁর প্রত্যক্ষ শিষ্য। যার গানে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের ভাবজগৎ। সেই মানুষটি আজ ইতিহাসের আড়ালে। তাঁকে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য।’ ২১ জানুয়ারি রশিদ উদ্দিনের ১৩৭তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রামাণ্যচিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনী হবে।