রুপালি পর্দার গল্পকে ছাপিয়ে এবার বাস্তব জীবনে প্রেমের নতুন অধ্যায় খুললেন মধুমিতা সরকার। দীর্ঘদিনের প্রেমকে আনুষ্ঠানিক রূপ দিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সারলেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। রবিবার বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা। গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন মধুমিতা সরকার। ২০২৪ সালের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান। তার পর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই; বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। সব কিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী। বিয়ের ব্যস্ততা নিয়ে মধুমিতা সরকার বলেন, বাড়িতে এখন তোড়জোড় চলছে। আসলে আমাদের বাড়িতে অনেক বছর কোনো অনুষ্ঠান হয় না। তাই পুরোহিত ঠিক করা থেকে শুরু করে তত্ত্ব সাজানো, শুটিংয়ের ফাঁকে ফাঁকে সব করতে হচ্ছে। রাতে বাড়ি ফেরা থেকে পরের দিন শুটিংয়ে যাওয়া পর্যন্ত কাজ চলছে। বিয়ে উপলক্ষে বর্তমানে নানা পদের খাবার খাচ্ছেন মধুমিতা সরকার। মধুমিতা বলেন, আইবুড়োভাত খাওয়াটা জমিয়ে চলছে। যদিও এখনো অনেকটা বাকি। এটা একটা বড় স্ট্রাগল।