পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। প্রথমবার গান করেছেন ঢাকাই সিনেমার জন্য। তবে তিনি এই যাত্রায় গাইছেন না, লেখা ও সুরে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। গাইবার দায়িত্ব এসেছে এই বাংলার আসিফ আকবরের কণ্ঠে। পারিবারিক গল্প নিয়ে ‘ঝামেলা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন মিউজিক ভিডিও নির্মাতা ইয়ামিন ইলান। যেখানে থাকছে ছয়টি গান। এর মধ্যে তিনটি কবীর সুমনের লেখা ও সুর করা। সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা ও আজমির বাবু। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন কবীর সুমন। শুধু কবীর সুমনের লেখা ও সুর করা তিনটি গানেই নয়, সিনেমাটির সব গানেই কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। সবই তার একক গান। এর আগে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন আসিফ। নির্মাতা জানান, সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেইন, দিয়া রইস, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পী, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ ও আদৃতা (শিশুশিল্পী), নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল, রেশমা আহমেদ প্রমুখ। ‘ঝামেলা’ সিনেমাটির প্রযোজনায় রয়েছেন দিয়া রইস।