দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড দল সোলসের অন্যতম সদস্য ও গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়া। এখন ব্যান্ড সোলসের সঙ্গে স্টেজ শো করছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারিতে এসএসসি ২০০১ ব্যাচের ২৫ বছরপূর্তি উপলক্ষে গান গাইবেন ব্যান্ড সোলসের পার্থ বড়ুয়া। অ্যাসোসিয়েশন অব এসএসসি-০১ এর উদ্যোগে পূর্বাচলের স্বপ্ন কানন রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাসোসিয়েশনের সপ্তম বার্ষিক মিলনমেলা ও সিলভার জুবিলির এই অনুষ্ঠান। আয়োজক সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও দেশের সব জেলা থেকে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দিনব্যাপী এ মিলনমেলায় থাকছে বাচ্চাদের জন্য খেলাধুলা, বন্ধুদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে ব্যান্ড সোলসের সঙ্গে আরও পারফর্ম করবে অ্যাসোসিয়েশন অব এসএসসি-০১ এর বন্ধুদের ব্যান্ড গায়েন এবং ডি জে মারুফ। আয়োজনে দেশের ২০০১ সালে এসএসসি উত্তীর্ণ বন্ধুদের অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নিতে যাচ্ছে অনুষ্ঠানটি।