তিন দশকেরও বেশি সময় পার করেছেন জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ্ আহমেদ। শুধু শাস্ত্রীয় সংগীতই নয়, মৌলিক গান দিয়েও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এ তারকা। সুনাম কুড়িয়েছেন দেশবিদেশে। তাঁর গাওয়া অসংখ্য আধুনিক গান শ্রোতা মহলে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় মেসবাহ্ আহমেদ সম্প্রতি প্রকাশ করেছেন নতুন গান ‘দেবদাস বড় খুনি’। আহসান কবিরের কথায় এর সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতে আছেন মানাম আহমেদ। অন্যদিকে নিজের সুর ও লেখায় আরেকটি গান ‘রংধনু মেয়ে ২’ নামে শিগগিরই আসবে বলে নিশ্চিত করেছেন মেসবাহ্ আহমেদ। তিনি বলেন, ‘আমি গতানুগতিক যে ধারার গান করি, ‘দেবদাস বড় খুনি’ তার থেকে কিছুটা ভিন্ন। গানের শিরোনামেই এর আঁচ পাওয়া যায়। গানটি হুট করেই তৈরি করা। বলা যায়, আমাদের এক আড্ডা থেকেই গানের চিন্তা বা কথাগুলো মনে ধরা দেয়। এরপর সময় নিয়ে গানের সুর ও সংগীত তৈরি হয়েছে। সব মিলিয়ে ‘দেবদাস বড় খুনি’ গানটি শ্রোতাদের ভিন্ন আমেজ দেবে। অন্যদিকে নতুন যে গানটি প্রস্তুত রয়েছে সেটিও একটু ভিন্ন ধাঁচের। শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস।’