ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শাবনূরের জীবনটাও এখন যেন এক ভালোবাসার মানচিত্র; যেখানে দেশ বদলালেও ভালোবাসার মানুষেরা বদলায় না। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় প্রবাসজীবন কাটাচ্ছেন শাবনূর। আলো ঝলমলে রুপালি পর্দার জীবন থেকে দূরে থাকলেও ভক্তদের হৃদয় থেকে তিনি কখনোই হারিয়ে যাননি। মাঝেমধ্যে খবরের শিরোনামে ফিরেছেন, কখনো দেশে আসার গুঞ্জনে, কখনো নতুন সিনেমার ঘোষণায়, আবার কখনো নিছক স্মৃতির টানে। সম্প্রতি সেই স্মৃতির টানই তাঁকে নিয়ে গেল আমেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ডে। প্রায় মাসখানেক আগে নিউইয়র্কে যান শাবনূর। সেখানে গিয়ে যেন ফিরে পান আপন পৃথিবী। সেখানে আগে থেকেই ছিলেন ঢালিউডের পরিচিত মুখ- নায়িকা মৌসুমী, নায়ক অমিত হাসান, কাজী মারুফ, ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ক্যামেরার বাইরে, লাইমলাইটের চাপ ছাড়াই সিনেমা অঙ্গনের পরিচিত এই মানুষগুলোকে পাওয়া সত্যিই শাবনূরের জন্য ছিল অন্যরকম এক অনুভূতির। তাই আনন্দে ভরে উঠে দিনগুলো। কেউ গল্পে মেতে উঠেছেন পুরোনো শুটিংয়ের কথা মনে করে, কেউ হেসেছেন অজানা কোনো স্মৃতিতে। কারও চোখে ছিল আবেগ, কারও কণ্ঠে নস্টালজিয়া। এ আড্ডায় কোনো স্ক্রিপ্ট ছিল না, কোনো সংলাপ মুখস্থ করার দায়ও ছিল না। ছিল শুধু আপন মানুষদের সঙ্গে সময় কাটানোর সুখ। শাবনূরের জন্য ডিনারের আয়োজন করেছিলেন জায়েদ খান।