শাবনাজ-নাঈম ১৯৯১ সালে দুজন অভিনয়ে এসে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। বিবাহিত জীবনের দীর্ঘ একটা লম্বা সময় পার করলেও তাদের ভালোবাসায় কখনো এতটুকু ছেদ পড়েনি। এখনো তারা তাদের প্রেম কাহিনি নিয়ে খুশিতে মেতে ওঠেন। সাবলীলভাবে বলে যান সেই রোমাঞ্চকর দিনের গল্পগুলো। এমনই একটি গল্পের অবতারণা করতে গিয়ে কীভাবে প্রেমের শুরু সেই গল্প বললেন শাবনাজ। তিনি বলেন, ‘নাঈমের জন্য মেয়েরা তো অনেক পাগল ছিল। আমি বুঝতে পারতাম। তবে আমার যে ওকে ভালো লাগত, তা বুঝতে দিতাম না।
দেখতে তো আমিও কম সুন্দরী ছিলাম না (হাসি)। আমিও ভাব নিয়ে থাকতাম। সে কথা না বললে আমিও বলব না, এমনটাই ছিল হাবভাব।’
ছবিতে অভিনয়ের তিন বছরের মাথায় শাবনাজ ও নাঈম দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা ভালোবেসে বিয়ে করেন।
‘বিষের বাঁশি’ নামের ছবিতে শাবনাজের চরিত্রের নাম ছিল ‘ময়না’। আর এ ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনের প্রেমের শুরু, তাই শাবনাজকে এই নামেই ডাকা শুরু করেন নাঈম। শাবনাজ বলেন, ‘যেহেতু আমাদের প্রেমের শুরু এই ছবিতে, তাই নাঈম আমাকে ওই নামে ডাকে। এখনো ওই নামে সে আমাকে ডাকে।’