নাটকের কাজ ছেড়েই দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন। তবে কয়েক বছরে গল্পনির্ভর কিছু কাজ দর্শকদের উপহার দিয়েছেন। ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ দিয়ে বড়পর্দায় নিজেকে জানান দিয়েছেন। এবার ওয়েব সিরিজে একটি চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। তাও আবার প্রথমবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন প্রীতম হাসানের সঙ্গে। জানা যায়, শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব সিরিজটির নাম ‘ক্যাকটাস’। ইতোমধ্যে সিরিজটির শুটিংও শুরু হয়ে গেছে। মেহজাবীন চৌধুরী এ কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝেশুনে। গল্পে নিজের চরিত্রে সেই পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন না তিনি। আবার হয়তো নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান পেয়েছেন অভিনেত্রী। তাই তো চুক্তিবদ্ধ হয়েছেন সিরিজে। মেহজাবীন বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে যুক্ত হই না।’ আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম।