হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। ‘তাণ্ডব’ সিনেমার পর নতুন সিনেমা নিয়ে আসছেন সাবিলা। তানিম নূর পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। ইতোমধ্যে নিজের অংশের শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী। শুটিং শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাবিলা নূর বলেন, ‘শুটিংয়ের পুরো জার্নিটা আমার কাছে ছিল বিশেষ। প্রায় ২০ দিনের টানা শুটিং, গোছানো পরিকল্পনা আর টিমওয়ার্ক, সবকিছু মিলিয়ে অভিজ্ঞতাটা এতটাই গভীর ছিল যে শেষ দিন আবেগ সামলাতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘শুটিংয়ের শেষ দিন কেঁদেছি। এ কাজটি আজীবনের স্মৃতি হয়ে থাকবে।’ তানিম নূরের পরিচালনা আর গল্পের শক্তি শুরু থেকেই তাকে আশাবাদী করেছে বলেও জানান সাবিলা। সহশিল্পী হিসেবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে সাবিলা দেখছেন ‘শেখার জায়গা’ হিসেবে। বিশেষ করে রাজের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি আর মোশাররফ করিমের সঙ্গে দৃশ্যগুলোকে তিনি ‘ইন্টারেস্টিং’ বলে উল্লেখ করেন তিনি।